চরভদ্রাসনে গলায় ছুরি ধরে গৃহবধূর স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ
ফরিদপুরের চরভদ্রাসনে এক গৃহবধূর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার চরভদ্রাসন বাজার এলাকার উপজেলা পরিষদের পেছনের একটি বাড়িতে।
ভুক্তভোগী অজুফা বেগম চরভদ্রাসন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ওই এলাকার মো. মনিরুজ্জামানের স্ত্রী।
আরও পড়ুন: কলাপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে অজুফা বেগম বাড়ির বাথরুমের সামনে গেলে একই এলাকার সুজন নামের এক যুবক তার গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে। এ সময় অভিযুক্ত জোরপূর্বক তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নাকের স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী অজুফা বেগম অভিযোগে উল্লেখ করেন, ঘটনার সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং প্রাণনাশের ভয় পান। পরে তিনি চিৎকার দিলে তার ছেলে ঘুম থেকে উঠে ঘটনাস্থলে আসার চেষ্টা করলে অভিযুক্ত দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: সিলেটে নকল ব্যানারে অবৈধ বাস, প্রাণ গেল মা ও শিশুর
এ ঘটনায় অভিযুক্ত সুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
চরভদ্রাসন থানার একটি সূত্র জানায়, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





