লক্ষ্মীপুরে অব্যাহত ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী, রাত জেগে পাহারা: ডাকাতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ন, ০৩ জুন ২০২৬ | আপডেট: ৩:২০ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নে দীর্ঘদিন ধরে চলমান ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ মে) দুপুরে ইউনিয়নের নতুন বেড়ির মাথা এলাকায় চররুহিতা এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে ভুক্তভোগী ও স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানান। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অব্যাহত ডাকাতির ঘটনায় এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে বলে অভিযোগ করেন। ডাকাত আতঙ্কে রাত জেগে এখন তারা এলাকায় পাহারা দিচ্ছেন। তারা ডাকাতির ঘটনায় ডাকাতদের গ্রেপ্তারে পুলিশের কার্যকর কোনো ভূমিকা নেই বলেও অভিযোগ করেন। এছাড়া ডাকাতদের বিরুদ্ধে অভিযোগ করে উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তারা।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

স্থানীয়দের অভিযোগ, গত ২ মাস ধরে চর রুহিতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে ধারাবাহিকভাবে ডাকাতির ঘটনা ঘটেছে। এর মধ্যে খলিল ব্যাপারির বাড়ি, আহছান উল্লার বাড়ি, মোরশেদ, সাহেদ হোসেন, ইসমাইল সর্দার, মোস্তফা হায়দার কেরানি, সাহেব আলী, মৃত খোরশেদ আলম ও মোনাফ হোসেনের বাড়িসহ একাধিক পরিবার ডাকাতির শিকার হয়েছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, ডাকাতদল রাতে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যাচ্ছে। এ সময় বাধা দিতে গেলে ডাকাত দল তাদের দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এসব ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ সেটিকে ডাকাতির মামলা হিসেবে না নিয়ে চুরির মামলা হিসেবে গ্রহণ করছে বলেও অভিযোগ তাদের।

আরও পড়ুন: মাধবপুরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে পারাপার, দুর্ঘটনার শঙ্কা

এছাড়া চিহ্নিত কিছু আসামি এখনো গ্রেপ্তার না হওয়ায় তারা এলাকায় প্রকাশ্যে ভুক্তভোগীদের হুমকি দিচ্ছে বলেও দাবি করেন স্থানীয়রা। এতে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তারা।

এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত ডাকাতদের (আসামি) গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর টহল জোরদারের দাবি জানান বিক্ষোভকারীরা।