রামগতিতে হেফজখানা নির্মাণকাজে হামলার অভিযোগ, মুক্তিযোদ্ধার সন্তানসহ আহত কয়েকজন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় একটি হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্সের নির্মাণকাজ শুরু করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন জমির মালিকপক্ষ। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীনের ছেলে সুমনসহ কয়েকজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার চর আলগী ইউনিয়নের রবরোড় এলাকার মালেক কোম্পানি মসজিদসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাউফলে অসহায় তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে বিএনপি, মানবিক উদ্যোগে প্রশংসায় এলাকাবাসী
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, ওই এলাকায় হেফজখানা ও ধর্মীয় শিক্ষা কমপ্লেক্স প্রতিষ্ঠার উদ্দেশ্যে ৬৩ শতক জমি ক্রয় করেন বীর মুক্তিযোদ্ধা হাজী জামাল উদ্দীন। জমিটির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে একাধিক সালিশ-বৈঠকে আলোচিত হলেও বিরোধের সম্পূর্ণ সমাধান হয়নি বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে নির্মাণকাজের অংশ হিসেবে জমিতে বালু ভরাটের কাজ শুরু করা হলে একদল ব্যক্তি সেখানে বাধা দেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সুমনসহ কয়েকজন আহত হন।
আরও পড়ুন: নিকলীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, ড্রেজার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা
পরিবারটির অভিযোগ, হামলায় স্থানীয় কয়েকজন ব্যক্তি জড়িত ছিলেন। তবে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





