ব্রহ্মপুত্র এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহ নগরীর কলেজ রোড রেলক্রসিং এলাকায় আন্তঃনগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় জামালপুর-ঢাকা রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়েছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কুলাউড়ায় হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা, বিপুল পরিমাণ অবৈধ জাল-চাই জব্দ

রেলওয়ে সূত্র জানায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ময়মনসিংহ শহরের কলেজ রোড রেলক্রসিং এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে রেলওয়ে বিভাগ। লাইনচ্যুত বগি সরিয়ে রেলপথ সচল করতে ঘটনাস্থলে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকারী দল বগিটিকে পুনরায় লাইনে তোলার কাজ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: নান্দাইলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে জামালপুর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করে রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। তবে রেললাইনের কোনো ক্ষতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজ শেষে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করা হবে।

এদিকে আকস্মিক এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকে পড়ায় যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। অনেককে বিকল্প পরিবহন ব্যবস্থার সন্ধান করতে দেখা গেছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যত দ্রুত সম্ভব পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।