ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকলেও আবহাওয়ার পরিস্থিতিতে পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (৯ জুন) দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য প্রকাশিত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে আবহাওয়ার এ পরিবর্তন দেখা যেতে পারে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে পুতিনের অভিনন্দন
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এদিকে দেশের ১৬ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে ঝড়-বৃষ্টির প্রভাবে কোথাও কোথাও তাপমাত্রা সাময়িকভাবে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি
আবহাওয়ার এমন পরিস্থিতিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। নৌযান চলাচলকারী ও নদী তীরবর্তী বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।





