উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ৬০ হাজার পিস ইয়াবা পাচার, আটক ১
কক্সবাজারের উখিয়া সীমান্তে জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় ৬০ হাজার পিস ইয়াবাসহ রাশেদুল (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানিয়েছে, গতকাল (২৯ জুন) বিকেলে বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ৫০০ গজ উত্তর দিকে দক্ষিণ নলবনিয়া এলাকায় অবস্থান নেয়। বিকেল আনুমানিক ৪টা ৪০ মিনিটের দিকে মিয়ানমার থেকে জেলের ছদ্মবেশে এক ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির সন্দেহ হয়।
সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়। তল্লাশিকালে তার কোমরে বাঁধা অবস্থায় এবং হাতে থাকা মাছের টুকরির ভেতরে বিশেষভাবে লুকানো খাকি রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ছয়টি কার্টনে রাখা মোট ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আরও পড়ুন: রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: পুলিশ কমিশনার
আটক রাশেদুল উখিয়ার বালুখালী নলবুনিয়া গ্রামের মাহাবুব আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসছিলেন। তিনি আরও জানান, তিনি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ ধরার জাল ও মাছের টুকরির মধ্যে ইয়াবা লুকিয়ে সীমান্ত অতিক্রম করে পাচার করে আসছিলেন।
আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের সময় মব সন্ত্রাস করেছে এনসিপির লোকজন
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “মাদক সরবরাহকারী চক্র এবং তাদের সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিজিবির গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে।”





