আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: আনসার ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে নিয়ন্ত্রণে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৮ অপরাহ্ন, ১৫ জুলাই ২০২৬ | আপডেট: ৪:১৮ পূর্বাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের একটি গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) ভোর ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সবার আগে ঘটনাস্থলে পৌঁছান ইপিজেডে দায়িত্ব পালনরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ক্যাম্প ইনচার্জ পিসি মো. শাহিন সরকারের নেতৃত্বে এপিসি আলমগীর এবং আনসার সদস্য শান্ত, মঞ্জুরুল, রাসেল, আজাদ, মোস্তাক ও রফিকুলসহ ১৪-১৫ সদস্যের একটি দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

আরও পড়ুন: নিকলীতে ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে যোগ দিলে আনসার সদস্যরা তাদের সঙ্গে সমন্বিতভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যান। দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আনসার সদস্যদের দ্রুত উপস্থিতি ও তাৎক্ষণিক পদক্ষেপের ফলে আগুন আরও বিস্তৃত হওয়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, যা সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি কমাতে সহায়ক ভূমিকা রাখে।

আরও পড়ুন: নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

এ ঘটনায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং সংশ্লিষ্ট ইপিজেড কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনসার সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় আবারও দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তাৎক্ষণিক সাড়া, সমন্বিত কার্যক্রম এবং দায়িত্ব পালনের সক্ষমতা সামনে এসেছে। একই সঙ্গে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও সম্পদ সুরক্ষায় তাদের ভূমিকার বিষয়টিও নতুন করে গুরুত্ব পেয়েছে।