তথ্য প্রতিমন্ত্রীর উপস্থিতিতে বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নে নান্দাইলের ইতিহাসে প্রথম সভা

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬ | আপডেট: ১০:০২ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ এবং বিদ্যুৎ ব্যবস্থাপনার উন্নয়নে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উপস্থিতিতে এবং বিদ্যুৎ বিভাগের সকল ঊর্ধ্বতন কর্মকর্তার অংশগ্রহণে নান্দাইলের ইতিহাসে প্রথমবারের মতো একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।

আরও পড়ুন: কুলাউড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিফিন কর্মসূচির উদ্বোধন

সভায় নান্দাইলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এবং ময়মনসিংহ বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে বিদ্যুৎ সরবরাহ ও ব্যবস্থাপনা উন্নয়নে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

বিদ্যুৎ গ্রাহক অধিকার পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক এনামুল হক বাবুল এবং যুগ্ম আহ্বায়ক আলম ফরাজী বিদ্যুৎ-সংক্রান্ত বিভিন্ন সমস্যা, গ্রাহকদের ভোগান্তি এবং সম্ভাব্য সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন।

আরও পড়ুন: খিড়কির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সভায় উপস্থিত বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির প্রচেষ্টায় নান্দাইলে বর্তমানে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ সংযুক্ত হয়েছে। এর ফলে উপজেলার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে এবং লোডশেডিং কমে আসবে বলে আশা প্রকাশ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলবাসীকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যুৎ সরবরাহ ও সেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সমস্যা সমাধানে এ ধরনের প্রশাসনিক সভা নান্দাইলের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে। আগামী দুই থেকে তিন মাস পরপর নিয়মিত এ ধরনের ফলোআপ সভা অনুষ্ঠিত হবে এবং গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ আজহারুল ইসলাম, নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, ডিজিএম মো. ছিদ্দিকুর রহমান তালুকদার (নান্দাইল), ডিজিএম (কারিগরি) ফেরদৌস আহম্মেদ, এজিএম মো. আব্দুল্লাহ আল নোমান (কানুরামপুর), এজিএম অসীম কুমার দাস (নান্দাইল), পিজিসিবি ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুল হক, পিজিসিবি কিশোরগঞ্জের সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির এবং উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন।