বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৫
বগুড়া সদর উপজেলার এরুলিয়া এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে "শাহ ফতেহ আলী" পরিবহনের একটি এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে বেপরোয়া বাসটি মুহূর্তের মধ্যেই সড়কের পাশে কৃষিকাজে নিয়োজিত দিনমজুর ও স্থানীয় বাজারে ঢুকে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারানো বাসের চাপায় ৭ জন শ্রমিক নিহত এবং ১৫ জন আহত হন।
গতকাল (৭ আগস্ট) শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে "শাহ ফতেহ আলী" পরিবহনের একটি এসি বাস ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বগুড়ার এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ভোরবেলা কাজ শুরুর মুহূর্তে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী এসি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা কৃষিশ্রমিকদের ভিড় ও স্থানীয় বাজারে ঢুকে পড়লে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: শ্যামনগরে ইউপি সদস্যের নেতৃত্বে পুলিশের ওপর হামলা, আসামি ছিনতাই
উক্ত দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় মিলেছে। তারা হলেন গাইবান্ধা জেলার আমিরুল, নূর আলম ও বেলাল এবং জয়পুরহাট জেলার তাজমুল।
অপরদিকে বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার এবং সড়ক যোগাযোগ স্বাভাবিক করার কাজ চালিয়ে যাচ্ছে।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
বগুড়া সদর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) শফিকুল ইসলাম শফিক জানান, দিবাগত রাতে ঢাকা থেকে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা "শাহ ফতেহ আলী" পরিবহনের একটি এসি বাস সকালে এরুলিয়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সড়কের পাশে অবস্থানরত দিনমজুর ও কৃষিশ্রমিকদের ওপর বাসটি উঠে যায়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান। গুরুতর আহত অবস্থায় অন্তত ১৫ জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ নিহতদের পরিচয় শনাক্ত এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।





