ঋণ খেলাপির অভিযোগে ব্যবসায়ী সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬ | আপডেট: ৭:২০ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ১৪ কোটি টাকা ঋণ পরিশোধ না করায় চট্টগ্রামের ব্যবসায়ী ও হাটহাজারী সিটি সেন্টার এবং এন জহুর সেন্টারের মালিক সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৩ আগস্ট) চট্টগ্রাম অর্থঋণ আদালত-২-এর বিচারক সেঁজুতি জান্নাত এ আদেশ দেন। আদালতের আদেশ অনুযায়ী, ব্যাংকের পাওনা ঋণ পরিশোধ না করা পর্যন্ত সরওয়ার মোর্শেদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন অর্থঋণ আদালত-২-এর পেশকার রেজাউল করিম। তিনি বলেন, ব্যাংকের খেলাপি ঋণের মামলায় সরওয়ার মোর্শেদের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আদেশের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত জানানো যাবে।

আরও পড়ুন: নব্য জেএমবি সদস্য আরিফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর

আদালত সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, সোশ্যাল ইসলামী ব্যাংকের চকবাজার শাখা থেকে সরওয়ার মোর্শেদের কাছে প্রায় ১৪ কোটি টাকা পাওনা রয়েছে। এই ঋণ পরিশোধ না করায় ব্যাংকের পক্ষ থেকে মামলা করা হয়। ওই মামলার প্রেক্ষিতেই তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়েছে।

সরওয়ার মোর্শেদ ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ছিলেন বলেও জানা গেছে। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: ফটিকছড়িতে জমজমাট পাঁঠা-ছাগলের বাজার, দামেও ঊর্ধ্বগতি

তবে এসব মামলার অভিযোগের বিষয়ে আদালতের নথি বা সংশ্লিষ্ট পক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

আদালতের আদেশ অনুযায়ী, ব্যাংকের পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত সরওয়ার মোর্শেদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।