রাউজানে ফের গুলি, যুবদল কর্মী নিহত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪৪ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের রাউজানে গুলিতে মোহাম্মদ করিম (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উরকিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত করিম ইউনিয়নের হারপাড়া গ্রামের মুহাম্মদ শফির ছেলে। স্থানীয়ভাবে তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

আরও পড়ুন: শ্যামনগরে হাটু পানিতে ডুবে আছে একাধিক বিদ্যালয় ও কবরস্থান

স্থানীয় ব্যবসায়ীদের বরাতে জানা যায়, রাতে করিম কেরানিহাট বাজারে অবস্থান করছিলেন। এ সময় পশ্চিম গুজরা ইউনিয়নের দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে করে ১০ থেকে ১২ জন ব্যক্তি বাজারে আসে। তারা করিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করে।

নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ আনিসুর রহমান জানান, কেরানিহাট এলাকায় এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।

আরও পড়ুন: রায়পুরে স্বামী-স্ত্রীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের কয়েকজন সদস্য আটক

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এদিকে স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, করিম মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা। তবে এ দাবির সত্যতা কিংবা হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি।

এর আগে গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজারের চৌমুহনী এলাকায় একদল অস্ত্রধারীর গুলিতে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক চৌধুরী মাসুদ নিহত হন।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে রাউজানে ২৭টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০টি হত্যাকাণ্ড রাজনৈতিক বিরোধের কারণে হয়েছে বলে জানা গেছে।