যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:২৬ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যশোরের অভয়নগর উপজেলায় বাহারুল মল্লিক (৪৬) নামে এক ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শুভরাড়া ইউনিয়নের রানাগাতী গ্রামের একটি বাগানের ঝোপঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাহারুল মল্লিক রানাগাতী গ্রামের আব্দুল হাকিম মল্লিকের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি নিষিদ্ধ চরমপন্থী সংগঠনের সদস্য ছিলেন এবং বেশ কয়েক বছর ধরে বাড়িতে থাকতেন না। পুলিশের প্রাথমিক ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

আরও পড়ুন: কিশোরগঞ্জে তিন দিনে নিষিদ্ধ আ.লীগের ৫৮ নেতাকর্মী গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রানাগাতী গ্রামের আব্দুর রশিদের বাগানে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। মরদেহের গলার বাম পাশে, থুতনির নিচে গুলির চিহ্ন ছিল। এছাড়া ডান হাঁটু দিয়ে রক্ত ঝরছিল বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শেখ লুৎফর রহমান বলেন, ‘বাহারুল মল্লিকের গলার বাম পাশে থুতনির নিচে গুলির চিহ্ন রয়েছে। তাকে গুলি করে হত্যা করা হয়ে থাকতে পারে। তার ডান হাঁটু দিয়েও রক্ত বের হচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘বাহারুল মল্লিক নিষিদ্ধ চরমপন্থী দলের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাকে হত্যা করা হতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

পুলিশ জানায়, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।