ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা জেলহাজতে
নিকলীতে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় দুই আসামি গ্রেপ্তার
কিশোরগঞ্জের নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—নিকলী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আফ্রীদি (২০) এবং জারুইতলা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের সহসভাপতি আবুল কাশেম (৬০)।
আরও পড়ুন: সাভার-আশুলিয়া-ধামরাইয়ে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা
জুনায়েদ আফ্রীদি জারুইতলা ইউনিয়নের সাজনপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আবুল কাশেম একই ইউনিয়নের রোদারপুড্ডা নয়াপাড়া (নয়াহাটি) গ্রামের মৃত হেদায়েত উল্লাহর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর নিকলী উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামিদের গ্রেপ্তারে বুধবার ভোরে অভিযান চালায় নিকলী থানা পুলিশ।
আরও পড়ুন: চবিতে ব্যানার টানাতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু
নিকলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম ও সেকেন্ড অফিসার রোমান খানের নেতৃত্বে এসআই সাগর বিশ্বাস, এসআই আব্দুল গাফফার, এএসআই লুৎফর রহমান ও এএসআই জাকির হোসেনসহ পুলিশের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
নিকলী থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে কিশোরগঞ্জের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
তিনি আরও জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সহিংসতার ঘটনায় জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।





