ভোলায় নদীর পাড় ধসে দুই যুবক নিখোঁজ

Sadek Ali
ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৩:১৬ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলা সদর উপজেলায় মেঘনা নদীর তীরে ঘুরতে গিয়ে বসে আড্ডা দেওয়ার সময় আকস্মিকভাবে ৫ বন্ধুকে নিয়ে নদী তীরের মাটি ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন জীবিত উদ্ধার হতে পারলেও নিখোঁজ রয়েছেন দুইজন।

নিখোঁজ যুবকরা হল ভোলা পৌরসভার কালিবাড়ি রোড এলাকার বাসিন্দা ইব্রাহিমের ছেলে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মো. আমজাদ (২৮), এবং শিবপুর ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকার সর্দার বাড়ির বাসিন্দা বাবুলের ছেলে মো. রাকিব (২৬)।

আরও পড়ুন: ফুলপুরে সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান

বুধবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত আনুমানিক পৌনে ৮টার  দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের শান্তিরহাট এলাকার গরিবের দুবাই খ্যাত মেঘনার তীরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আমজাদ, রাকিব, ফাহিম ও শাওনসহ মোট ৫ বন্ধু মেঘনা নদীর তীরে বসে আড্ডা দিচ্ছিলেন। আড্ডার একপর্যায়ে নদী তীর সুরক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বসানো জিওব্যাগসহ তীরের একাংশ হঠাৎ নদীতে ধসে পড়ে। এতে ৫ বন্ধুই খরস্রোতা নদীতে পড়ে যান।

আরও পড়ুন: মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

তাদের মধ্যে ৩ জন সাঁতার কেটে প্রাণে বাঁচলেও আমজাদ ও রাকিব নিখোঁজ। উদ্ধার হওয়া ৩ জনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে খোঁজাখুঁজি শুরু করেন, তবে তারা ব্যর্থ হন। পরবর্তীতে নিখোঁজদের কোনো সন্ধান না পাওয়ায় কোস্টগার্ড ও নৌ-পুলিশকে খবর দেওয়া হয়। তবে উদ্ধারকারী দল গিয়ে অভিযান চালিয়েও তাদের সন্ধান পায়নি।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করে ভোলার ইলিশা নৌথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, নিখোঁজ দুইজনের সন্ধ্যানে নৌপুলিশ ও কোস্টগার্ড নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করেছে। তবে তাদের কোনো হদিস মেলেনি। সকালে ফের উদ্ধার অভিযান পরিচালনা করা হবে।

এদিকে রাত সাড়ে ১২টার শেষ খবর পাওয়া পর্যন্ত মেঘনা নদীতে নিখোঁজ আমজাদ ও রাকিবের সন্ধ্যান পাওয়া যায়নি।