মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
মাগুরায় সড়কে পানি দেওয়ার কাজে ব্যবহৃত ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বাশারুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে মাগুরা শহরের সড়ক ও জনপথ (সওজ) কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফুলপুরে সর্বোচ্চ ও নিয়মিত হোল্ডিং ট্যাক্স প্রদানকারীদের সম্মাননা স্মারক প্রদান
নিহত বাশারুল ইসলাম মাগুরা শহরের পারনান্দুয়ালী মোল্লাপাড়ার বাসিন্দা এবং ওই এলাকার আব্দুস সাত্তার মোল্লার ছেলে। তিনি মাগুরা বাস টার্মিনালে এসডি পরিবহনের কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে বাশারুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। সকাল আনুমানিক সময় সওজ কার্যালয়ের সামনে পৌঁছালে সড়কে পানি দেওয়ার কাজে নিয়োজিত একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করেন তিনি। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
আরও পড়ুন: নওগাঁয় হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, নারীসহ গ্রেফতার ৪
সংঘর্ষের পর বাশারুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান। এ সময় ট্রাকটি পেছনের দিকে এগিয়ে গেলে এর চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। খবর পেয়ে মাগুরা সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, সওজ কার্যালয়ের সামনে সড়কের একটি মোড় রয়েছে। ওই এলাকায় সড়ক নির্মাণকাজের ইট, পাথর, বালিসহ বিভিন্ন নির্মাণসামগ্রী রাস্তার পাশে ও সড়কের অংশবিশেষে রাখা হয়েছে। এতে সড়কের প্রশস্ততা কমে গেছে। একই সঙ্গে মোড়ের কারণে এক পাশ থেকে আসা যানবাহন অন্য পাশ থেকে সহজে দেখা যায় না। ফলে ওই স্থানে যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে।
স্থানীয়দের দাবি, নির্মাণসামগ্রী সড়কের ওপর বা সড়কের কাছাকাছি রাখার কারণে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মোড়ের কাছে দৃশ্যমানতা কম থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা দ্রুত নির্মাণসামগ্রী সরিয়ে সড়কটি যান চলাচলের জন্য নিরাপদ করার দাবি জানিয়েছেন।
তবে সড়কের ওপর নির্মাণসামগ্রী রাখার কারণে এক পাশের যানবাহন অন্য পাশ থেকে দেখা যায় না—এমন অভিযোগের সঙ্গে একমত নন মাগুরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার হামিদ।
এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্মাণকাজের ইট, পাথর ও বালি সড়কের পাশে রাখা হলেও এক পাশ থেকে অন্য পাশের যানবাহন দেখা যায় না—বিষয়টি এমন নয়। সড়কে পর্যাপ্ত দূরত্ব রয়েছে এবং সওজের কর্মকর্তারাও ওই সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন। এমন পরিস্থিতি থাকলে তারাও বিষয়টি দেখতে পেতেন বলে জানান তিনি।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সড়কে পানি দেওয়ার কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





