বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ০৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জে সড়ক পার হতে যাওয়া এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধাও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান।

আরও পড়ুন: শ্যামনগরে হাটু পানিতে ডুবে আছে একাধিক বিদ্যালয় ও কবরস্থান

পুলিশ জানায়, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনের উদ্দেশে যাচ্ছিলেন। পথে গোপীনাথপুর এলাকায় ফিরোজা নামে এক বৃদ্ধা হঠাৎ দৌড়ে সড়ক পার হওয়ার চেষ্টা করেন। তাকে এড়াতে গিয়ে প্রতিমন্ত্রীর গাড়িচালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশের ধানক্ষেতে গিয়ে পড়ে।

এ ঘটনায় প্রতিমন্ত্রী ও তার স্ত্রী সামান্য আহত হন। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। একই দুর্ঘটনায় আহত হন বৃদ্ধা ফিরোজাও। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: রায়পুরে স্বামী-স্ত্রীসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের কয়েকজন সদস্য আটক