ইতালির ভেনিসে হেনস্তার শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৯:২৪ পূর্বাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিকার চেয়ে ইতোমধ্যে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

স্থানীয় সময় সোমবার(৭ সেপ্টেম্বর)  রাতে ভেনিসে অবস্থানকালে একদল প্রবাসী তাকে লক্ষ্য করে পানি ও পচা ডিম নিক্ষেপ করেন বলে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজ থেকে সরাসরি সম্প্রচারে এসে জানান তিনি।

আরও পড়ুন: শোবিজে নতুন দিগন্তের খোঁজে কনিকা

তার অভিযোগ, “২০২৪ সালের জুলাই-অগাস্টের আন্দোলন সমর্থনের কারণে ভেনিস আওয়ামী লীগ ও ছাত্রলীগের পরিচয়দানকারী কয়েকজন নেতা-কর্মী এই ঘটনা ঘটিয়েছেন।”

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ভিডিওতে দেখা গেছে, একদল ব্যক্তি নিজেদের ছাত্রলীগ কর্মী দাবি করে বাঁধনকে “জুলাই জঙ্গি” হিসেবে আখ্যায়িত করছেন এবং তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করছেন।

আরও পড়ুন: বাঁধনকে ঘিরে ঘটনায় পিয়া জান্নাতুলের ক্ষোভ

প্রত্যক্ষদর্শীদের মতে, চলচ্চিত্র উৎসব প্রাঙ্গণে বাঁধনের উপস্থিতিকে কেন্দ্র করে রাজনৈতিক স্লোগান ও বাগবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাকে লক্ষ্য করে বস্তু ছুড়ে মারা হয়।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন এই অভিনেত্রী। সেই প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রতিকার চেয়ে অভিনেত্রী স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

এই অভিযোগের বিষয়ে ভেনিস আওয়ামী লীগ বা ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো নেতার আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ভিডিওবার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বাঁধন বলেন, ‘তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে যে দ্য ডিফিকাল্ট ব্রাইড সিনেমা নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন।  জুলাই আন্দোলনের পরও তিনি ওই পরিচালকের সঙ্গে কাজ করছেন উল্লেখ করে বাঁধন বলেন, ‘এ ধরনের আচরণ থেকে বেরিয়ে আসা উচিত ছিল।’ বাঁধন আরও বলেন, ‘তার গায়ে হাত তোলা হয়েছে এবং তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।’ 

‘রেহানা মরিয়ম নূর’ চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পাওয়া বাঁধন বর্তমানে ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।