কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল
বলিউডে কাস্টিং কাউচের অস্তিত্ব ও শিল্পীদের পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ভারতীয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, ব্যক্তিগতভাবে এমন কোনো অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি না হলেও বিনোদন জগতে কাস্টিং কাউচের প্রভাব রয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে বর্তমান সময় নারীদের জন্য আগের তুলনায় কিছুটা সুবিধাজনক হয়েছে বলে মনে করেন শ্রেয়া। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়া আসার আগে ইন্ডাস্ট্রিতে নারীদের বেশ কঠিন সময় পার করতে হতো।’
আরও পড়ুন: পড়াশোনার ফাঁকে সিনেমা, দেশের ১০ প্রেক্ষাগৃহে ‘অন্যপাতা’
মাত্র ১৩ বছর বয়সে ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রেয়া। সে সময় সব জায়গায় তাঁর বাবা-মা সঙ্গে থাকতেন জানিয়ে গায়িকা বলেন, ‘কারও কিছু বলার ইচ্ছা থাকলেও সেই সাহস পেত না।’
পারিশ্রমিক বৈষম্য নিয়ে শ্রেয়ার বক্তব্য
আরও পড়ুন: মঞ্চ থেকে বড় পর্দা, অভিনয়ে নিজস্ব পরিচয় গড়ছেন সূচনা শিকদার
শিল্পীদের পারিশ্রমিকের বৈষম্য এবং এ নিয়ে প্রচলিত বিভিন্ন ধারণা নিয়েও কথা বলেছেন শ্রেয়া ঘোষাল। তাঁর মতে, পারিশ্রমিকের বিষয়টি শুধু লিঙ্গভিত্তিক বৈষম্যের মধ্যে সীমাবদ্ধ নয়। পুরুষ শিল্পীরাও এ ধরনের বাস্তবতার মুখোমুখি হন।
ক্যারিয়ারের শুরুর দিকে অনেকের জন্য বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন বলেও জানান তিনি। অরিজিৎ সিংয়ের মতো শীর্ষ শিল্পীদের পারিশ্রমিক নিয়েও সমাজে নানা ভুল ধারণা রয়েছে বলে মন্তব্য করেন শ্রেয়া। তাঁর ভাষ্য অনুযায়ী, বর্তমানে ভালো মানের গায়কেরা অনেক কাজ বিনামূল্যে বা নামমাত্র পারিশ্রমিকে করেন। আবার উপযুক্ত প্রজেক্ট হলে তাঁরা বড় অঙ্কের পারিশ্রমিকও নিয়ে থাকেন।
২০ কোটি রুপির বেশি মূল্যের অ্যাপার্টমেন্ট
সংগীত ক্যারিয়ারের পাশাপাশি সম্প্রতি সম্পত্তি কেনার কারণেও আলোচনায় এসেছেন শ্রেয়া ঘোষাল। সম্পত্তি নিবন্ধনসংক্রান্ত নথি অনুযায়ী, মুম্বাইয়ের সান্তাক্রুজ ওয়েস্ট এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ২০ দশমিক ৮৮ কোটি রুপি মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ২৯ কোটি ২০ লাখ টাকা।
‘দেবদাস’ দিয়ে বলিউডে যাত্রা
সঞ্জয় লীলা বানসালির ‘দেবদাস’ সিনেমার ‘বৈরী পিয়া’ গান দিয়ে বলিউডে প্লেব্যাক যাত্রা শুরু করেন শ্রেয়া ঘোষাল। গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। ব্যক্তিগত জীবনে ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিক শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন শ্রেয়া। ২০২১ সালে এই দম্পতির ঘরে আসে প্রথম সন্তান দেবয়ান।





