একই গান দুবার গেয়েছিলেন শ্রেয়া, নেপথ্যে ছিল যে কারণ?
বলিউডের জনপ্রিয় সিনেমা আশিকি ২–এর অন্যতম আলোচিত গান ‘সুন রাহা হ্যায় না তু’। গানটি নতুন করে রেকর্ড করতে হয়েছিল সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে গানটি নিয়ে সেই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন এই গায়িকা।
বিলবোর্ড ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শ্রেয়া জানান, প্রথমবার গানটি রেকর্ড করার সময় নিজের স্বাভাবিক গায়কির ধরনেই গেয়েছিলেন তিনি। কিন্তু গানটি শোনার পর পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাকে আবারও রেকর্ড করার অনুরোধ জানান।
আরও পড়ুন: ঐশ্বরিয়ার হাত ছুঁতেই সালমানকে ধমক বানসালির
নির্মাতাদের এই সিদ্ধান্তের পেছনে ছিল সিনেমার গল্প ও চরিত্রের সঙ্গে গানের গায়কির সামঞ্জস্য রক্ষা করা। আশিকি ২ সিনেমায় শ্রদ্ধা কাপুর অভিনীত আরোহী চরিত্রটি একজন নবীন গায়িকার। গল্পের একটি পর্যায়ে তাকে ক্লাব বা বারে গান গাইতে দেখা যায়। সেখানেই আদিত্য রায় কাপুর অভিনীত চরিত্রটির নজরে আসে আরোহী।
শ্রেয়া বলেন, আরোহী তখনো প্রতিষ্ঠিত পেশাদার গায়িকা হয়ে ওঠেনি। তাই তার চরিত্রের সঙ্গে মানানসই করতে গানটির পরিবেশনায় সরলতা রাখা প্রয়োজন ছিল। নির্মাতারা তাকে বোঝান, চরিত্রটি যেহেতু গানের জগতে নতুন, তাই গায়কিতে অতিরিক্ত কারুকাজ থাকলে তা গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।
আরও পড়ুন: নীরবতা ভেঙে রহস্য বাড়ালেন পাভেল
নির্মাতাদের পরামর্শ মেনে দ্বিতীয়বার গানটি রেকর্ড করেন শ্রেয়া। এবার কণ্ঠের বাড়তি অলংকরণ এড়িয়ে তুলনামূলক সহজভাবে গানটি পরিবেশন করেন তিনি। তবে মঞ্চে বা কনসার্টে গানটি গাওয়ার সময় নিজের গায়কির ধরন অনুযায়ী কিছুটা পরিবর্তন আনেন বলে জানান এই শিল্পী।
২০১৩ সালে মুক্তি পাওয়া আশিকি ২ পরিচালনা করেন মোহিত সুরি। সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুরের অভিনয়ের পাশাপাশি এর গানগুলোও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ছবিটির সংগীত এখনো বলিউডের রোমান্টিক গানের তালিকায় শ্রোতাদের পছন্দের জায়গা ধরে রেখেছে।





