গফরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী-কারবারির কারাদণ্ড

Sadek Ali
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৬ অপরাহ্ন, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পরিচালিত বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৮ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে মাদক সেবন, মাদক ব্যবসা এবং মাদক সেবনের পর উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গফরগাঁও ইউনিয়নের বাসিন্দা মো. উজ্জল মিয়া (৪৩), পিতা- হাফিজ উদ্দিন এবং চরআলগী ইউনিয়নের মো. রজিব (২৩), পিতা- মৃত হাবি মিয়ার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালত উভয় আসামিকে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন। পাশাপাশি প্রত্যেকের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়। দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন: উত্তরবঙ্গে প্রথম গ্যাসক্ষেত্র পাওয়ার সম্ভাবনা পাবনায়

এ সময় অভিযানস্থল থেকে জব্দ করা ১৩ পুরিয়া গাঁজা জনসম্মুখে ধ্বংস করা হয়। প্রশাসনের কর্মকর্তারা জানান, মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসন, ময়মনসিংহের পক্ষ থেকে জানানো হয়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রশাসনের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।