সিএসের ভাইভা দিতে ঢাকায় আসার পথে প্রাণ গেল ঢাবি শিক্ষার্থীর

Any Akter
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৪০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

৫০তম বিসিএসের মৌখিক পরীক্ষায় (ভাইভা) অংশ নিতে খুলনা থেকে ঢাকার পথে রওনা দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শেখ মিশা খাতুন। কিন্তু সেই যাত্রাই হয়ে উঠল তার জীবনের শেষ যাত্রা। গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এই মেধাবী শিক্ষার্থী।

শেখ মিশা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ৩৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষে তিনি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) খুলনা কার্যালয়ে পরীক্ষক (কেমিক্যাল) হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: এক বছরেও শেষ হয়নি সুমাইয়া ও তাঁর মায়ের হত্যা মামলার বিচার

রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ঢাকায় আসার সময় তিনি দুর্ঘটনার শিকার হন বলে বিএসটিআইয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জানা গেছে, কর্মজীবনে প্রবেশের পরও নিজের ভবিষ্যৎ আরও এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখছিলেন শেখ মিশা। সেই লক্ষ্যেই ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিতে ঢাকার উদ্দেশে যাত্রা করেছিলেন তিনি। কিন্তু ভাইভায় বসার আগেই সড়ক দুর্ঘটনায় থেমে গেল তার সব স্বপ্ন।

আরও পড়ুন: ঢাবিতে রাষ্ট্রসংলাপ ফোরামের কেন্দ্রীয় কমিটি অনুমোদন

২০২৫ সালে পরীক্ষক হিসেবে বিএসটিআইয়ে যোগ দেন শেখ মিশা খাতুন। তরুণ এই কর্মকর্তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক জানিয়েছে প্রতিষ্ঠানটি। বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক শোকবার্তায় মিশাকে তরুণ, মেধাবী ও সম্ভাবনাময় সহকর্মী হিসেবে উল্লেখ করে তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।

শেখ মিশা খাতুনের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-২০২৫-ও। ডাকসুর সাধারণ সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, একজন মেধাবী শিক্ষার্থী ও সম্ভাবনাময় প্রাণের এভাবে চলে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক ও অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়েছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে এ শোক সহ্য করার শক্তি কামনা করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছেড়ে কর্মজীবনে পা রাখার পরও নিজের কাঙ্ক্ষিত ক্যাডার হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন শেখ মিশা খাতুন। ৫০তম বিসিএসের ভাইভা দিতে ঢাকার পথে তার অকাল মৃত্যু সেই স্বপ্নযাত্রাকেই থামিয়ে দিল।