মাগুরায় শিশু হত্যা মামলায় হাইকোর্টের রায় পাঠ চলছে
মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হিটু শেখের ডেথ রেফারেন্স এবং দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের সিদ্ধান্ত জানাতে হাইকোর্টে রায় পাঠ চলছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে হাইকোর্টের বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী এবং বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চে এ মামলার রায় ঘোষণা করা শুরু করেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে বিলিয়ন ডলারের বোয়িং চুক্তির দাবি যুক্তরাষ্ট্রের
এর আগে গত ২৫ আগস্ট রায় ঘোষণার কথা থাকলেও রাষ্ট্রপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে রায় ঘোষণার জন্য আজকের দিন ঠিক করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দীকা ও মাহবুবা তাসনিম আঁখি। হিটু শেখের পক্ষে ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।
আরও পড়ুন: ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বার্ষিক বিজ্ঞান মেলার আসর ঘোষণা জেডআরএফ-এর
এর আগে গত ১১ আগস্ট মামলাটির হাইকোর্টে শুনানি শুরু হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ৫ মার্চ রাতে মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় বোনাই বাড়িতে বেড়াতে গিয়ে নির্যাতনের শিকার হয় আট বছরের আছিয়া।
অভিযোগে বলা হয়, তার বোনের শ্বশুর হিটু শেখ শিশুটিকে ধর্ষণের পর হত্যার চেষ্টা করেন। তিন দিন পর, ৮ মার্চ, মেয়েটির মা হিটু শেখসহ চারজনকে আসামি করে মামলা করেন। পরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয়। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। ১৭ মে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল হিটু শেখকে এক লাখ টাকা জরিমানাসহ মৃত্যুদণ্ড দেয়। মামলার অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।
গত ২১ মে মামলার নথি মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে পাঠানো হয়। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে গত বছরের ২৫ জুন হাইকোর্টে আপিল করেন হিটু শেখ। আপিলের গ্রহণযোগ্যতা নিয়ে শুনানি শেষে গত ১ জুলাই হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করে। একই সঙ্গে তার ওপর আরোপিত অর্থদণ্ড স্থগিত করা হয়। তারই ধারাবাহিকতায় আজ সেই মামলায় রায় ঘোষণা চলছে।





