১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢাকা মেডিকেলে তিন কারাবন্দীর মৃত্যু

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩২ অপরাহ্ন, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক সময়ে তাদের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন হাজতি ও একজন কয়েদি। দুই হাজতির মৃত্যুর ব্যবধান ছিল ১ ঘণ্টা ৪০ মিনিট।

মৃতরা হলেন—আবুল বাশার (৫৮), আব্দুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

আরও পড়ুন: উত্তরার হোটেল কক্ষ থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

হাসপাতাল সূত্রে জানা যায়, মো. শহিদসহ কয়েকজন কারারক্ষী অসুস্থ অবস্থায় হাজতি আবুল বাশারকে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সকাল ৭টা ২৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার কুটিয়া লক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী। কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা একটি মামলায় তিনি বন্দী ছিলেন।

আরও পড়ুন: বাড্ডায় ফার্নিচারের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে

অপর হাজতি আব্দুল কাইয়মকে কারা কর্তৃপক্ষের নির্দেশে হেমায়েত হোসেনসহ কয়েকজন কারারক্ষী সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

আব্দুল কাইয়মের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোলাই পদাবাজার গ্রামে। তার বাবার নাম মৃত দুদু মিয়া। তিনি আটটি মামলায় বন্দী ছিলেন।

এ ছাড়া কয়েদি মো. শাহাদত হোসেন লিটনকে গত ২৮ আগস্ট অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহাদত হোসেন লিটন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নম্বর ১১/০৭ এবং উত্তরা থানার মামলা ৯(১১)০৬-এর ৩০২, ৩৪ ও ২০১ ধারার মামলায় বন্দী ছিলেন। তার বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুল কাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।