ছেলের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
কুড়িগ্রামের উলিপুরে শিক্ষার্থী ছেলে সাইফুল ইসলাম (২১) পলাশকে ডাকাতি মামলায় ষড়যন্ত্রমূলকভাবে জড়ানো হয়েছে—এমন অভিযোগ তুলে মামলা থেকে অব্যাহতির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন তার বাবা মো. মোখলেসুর রহমান (৫০)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাব উলিপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে এসব অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: ইজারাবিহীন নদী থেকে লুট করা বালু ইউএনও কার্যালয়ের সামনে, জেলা জুড়ে তোলপাড়
সংবাদ সম্মেলনে মো. মোখলেসুর রহমান অভিযোগ করেন, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে তার ভায়রা ভাই মো. রাজু মিয়া (৫৩), পিতা—বক্তার আলী, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের বাসিন্দা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ছেলে সাইফুল ইসলাম পলাশের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেছেন।
তার দাবি, মামলাটি সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং তার ছেলে নির্দোষ প্রমাণিত হবে।
আরও পড়ুন: গভীর রাতে অসহায় পরিবারের পাশে বিএনপি নেতা আলহাজ্ব হযরত আলী
মো. মোখলেসুর রহমান জানান, তার ছেলে সাইফুল ইসলাম পলাশ উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের চাচিয়ারপাড় কওমি মাদ্রাসার শিক্ষার্থী। পাশাপাশি তিনি দুটি মসজিদে খতিব ও ইমামের দায়িত্ব পালন করছেন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক লোকমান হাকিম দাবি করেন, কথিত পারিবারিক বিরোধের ঘটনার দিন সাইফুল ইসলাম পলাশ মাদ্রাসাতেই অবস্থান করছিলেন। একই দাবি করেন তার কয়েকজন সহপাঠী। তারা সাইফুলকে নম্র, ভদ্র ও ভালো শিক্ষার্থী হিসেবে উল্লেখ করে বলেন, ঘটনার দিন তিনি মাদ্রাসায় ছিলেন।
এদিকে, মামলার এজাহারে উল্লেখিত ঘটনাস্থল পরিদর্শনের সময় স্থানীয় কয়েকজন বাসিন্দা দাবি করেন, সেখানে কোনো ডাকাতির ঘটনা ঘটেনি। তাদের ভাষ্য, ওই স্থানে একটি ভ্যানগাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটেছিল।
সংবাদ সম্মেলনে মো. মোখলেসুর রহমান বলেন, “আমার ছেলে একজন শিক্ষার্থী ও মসজিদের ইমাম। তাকে পারিবারিক বিরোধের জেরে ডাকাতি মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে আমার ছেলেকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।”
এ সময় পরিবারের সদস্য ও উপজেলা প্রেসক্লাব উলিপুরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
তবে মামলার অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।





