কুবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের স্মারকলিপি
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান, জমে থাকা পানি অপসারণ ও মশার সম্ভাব্য প্রজননস্থলে মশকনিধন কার্যক্রমসহ ১০ দফা দাবি জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর দেওয়া এক স্মারকলিপিতে এসব দাবি জানায় সংগঠনটি। স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন: চকরিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬
স্মারকলিপিতে বলা হয়, বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপের আশঙ্কা বৃদ্ধি পাওয়ায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি, অপরিচ্ছন্ন স্থান, ঝোপঝাড় ও মশার সম্ভাব্য প্রজননস্থল দ্রুত পরিষ্কার করা জরুরি। বিশেষ করে আবাসিক হল, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, মাঠ, ড্রেনেজ ব্যবস্থা ও আশপাশের এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা ও মশকনিধন কার্যক্রম পরিচালনার প্রয়োজন রয়েছে।
ছাত্রদলের ১০ দফা দাবির মধ্যে রয়েছে—ক্যাম্পাসজুড়ে জরুরি ভিত্তিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, ক্যাম্পাস ও আবাসিক হলের আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, ড্রেন-নালা ও পানি নিষ্কাশন ব্যবস্থা নিয়মিত পরিষ্কার ও সচল রাখা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে প্রয়োজনীয় মশকনিধন কার্যক্রম পরিচালনা।
আরও পড়ুন: হেফাজতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
এ ছাড়া প্রয়োজন অনুযায়ী নিয়মিত মশা নিধন স্প্রে ও ফগিং কার্যক্রম পরিচালনা, শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা ও লিফলেট বিতরণ এবং আবাসিক হলগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা ও মশকনিধন অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।
ক্যাম্পাসের ঝোপঝাড়, আবর্জনা ও পরিত্যক্ত স্থানগুলো নিয়মিত পরিষ্কার করা, ডেঙ্গু আক্রান্ত শিক্ষার্থীদের দ্রুত চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধি এবং ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পর্যবেক্ষণ ও সমন্বয় ব্যবস্থা চালুর দাবিও জানিয়েছে সংগঠনটি।
স্মারকলিপিতে আরও বলা হয়, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশাসন দ্রুত দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে বলে তারা বিশ্বাস করে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সুস্থ, নিরাপদ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে প্রশাসনের যেকোনো ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করার কথা জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তালিজুর রহমান শুভ বলেন, “সারাদেশে ডেঙ্গুর প্রকোপ কমানো ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিমের কাছে স্মারকলিপি দেওয়া হয়। পাশাপাশি ফগার মেশিনের মাধ্যমে একাডেমিক ও প্রশাসনিক ভবন, মুক্তমঞ্চসহ শিক্ষার্থীদের চলাচলের বিভিন্ন স্থানে মশকনিধন স্প্রে করা হয়েছে।”
তিনি আরও বলেন, “ড্রেনেজ ব্যবস্থা ও ময়লা-আবর্জনা জমে থাকা স্থানগুলো পরিষ্কার করে ডেঙ্গুর বিস্তার রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। আবাসিক হল ও একাডেমিক ভবনগুলোতে নিয়মিত মশকনিধন স্প্রে এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার আহ্বান জানাই।”
ছাত্রদলের সদস্য সচিব মো. আবুল বাশার বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ঘোষিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। পাশাপাশি একাডেমিক ভবন ও আশপাশের এলাকায় মশা নিধন ও সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে স্প্রে কার্যক্রম চালানো হয়েছে এবং পর্যায়ক্রমে আবাসিক হলগুলোতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় প্রশাসন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ নিতে হবে।”





