কোনাবাড়ীতে ভাড়া বাসায় নারীকে ছুরিকাঘাত, হাসপাতালে নিতেই মৃত্যু

Shahrier Islam Pallab
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৭ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে ভাড়া বাসায় ঢুকে এক নারীকে ছুরিকাঘাত করে পালিয়েছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে কোনাবাড়ী থানার আমবাগ এলাকার আতাউর মার্কেট সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা আক্তার (২৩) বরিশালের কোতোয়ালি থানা এলাকার বাসিন্দা শাজাহান হাওলাদারের মেয়ে। তিনি ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আরও পড়ুন: চার দফা দাবি জানিয়ে দুই ঘণ্টা পর মহাসড়ক অবরোধ প্রত্যাহার

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে এক যুবক সানজিদার ভাড়া বাসায় গিয়ে তার বুকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। সানজিদার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড এবং হামলাকারী যুবকের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন: দেশজুড়ে মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে ‘নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থা’

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।