নবীগঞ্জে বাড়ির পাশের নদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গোপলা নদী থেকে সাদিয়া আক্তার (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক (সৈয়দাবাদ) গ্রামের নিজ বাড়ির পাশের নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদিয়া আক্তার ওই গ্রামের ফারুক মিয়ার মেয়ে। তিনি এক সন্তানের জননী। তাঁর স্বামী প্রবাসে থাকায় তিনি বাবার বাড়িতে থাকতেন।
আরও পড়ুন: কুলাউড়ায় এমপি শকুর দুই রাজনৈতিক সচিব নিয়োগ
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সাদিয়া আক্তারের মানসিক অসুস্থতার ইতিহাস ছিল। এর আগে তিনি কয়েকবার পানিতে নামার চেষ্টা করেছিলেন বলে স্থানীয়দের কাছ থেকে জানা গেছে। রোববার সকালে বাড়ির পাশের নদীর পানিতে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে তাঁরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) কাজল দেবের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
আরও পড়ুন: গাজীপুরে উৎসবমুখর আয়োজনে PayStation-এর ৮ম বর্ষপূর্তি
এসআই কাজল দেব বলেন, প্রাথমিকভাবে পানিতে ডুবে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করার প্রক্রিয়া চলছে।





