গাজীপুর সাফারি পার্ক পরিদর্শনে মন্ত্রী, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় জেলা-উপজেলাকে যুক্ত করার ঘোষণা

Shahrier Islam Pallab
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৪৫ অপরাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন ও উন্নয়ন হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ লক্ষ্যে রাজধানীর পাশাপাশি জেলা ও উপজেলা শহরগুলোতেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে গাজীপুর সাফারি পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সারা দেশে এখনো বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করা হয়নি। ঢাকার আমিনবাজারে ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণেও ওয়েস্ট-টু-এনার্জি অ্যান্ড রিসোর্স প্রকল্পের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা শহরগুলোতেও এ কার্যক্রম চালু করা হবে।

আরও পড়ুন: পৌরকর দিতে গিয়ে প্রতারণার শিকার নারী

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে নিশ্চিত করা না গেলে দূষণ নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত উন্নতি সম্ভব নয়। এ কারণে সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। আগামী এক থেকে দুই বছরের মধ্যে সারা দেশে বর্জ্য ব্যবস্থাপনায় পরিবর্তন ও উন্নয়ন দেখা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।গাজীপুর সাফারি পার্কের বিভিন্ন অব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, পার্কটি যথাযথভাবে পরিচালনা করাই তাঁদের লক্ষ্য। এ জন্য ঢাকায় সভা ডেকে পার্কের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। পার্ক থেকে লেমুর চুরির বিষয়ে তিনি বলেন, লেমুরটি  সাফারি পার্ক থেকে চুরি হয়ে যায়। বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং তদন্ত করা হচ্ছে।

এর আগে শুক্রবার দুপুরে পরিবেশমন্ত্রী গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান পরিদর্শন করেন। পরে তিনি গাজীপুর সাফারি পার্কে যান।

আরও পড়ুন: খেলাধুলার মাধ্যমেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব : তথ্য প্রতিমন্ত্রী

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ পরিবেশ ও বন বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।