জুলায়ে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ সাভারে যুবক গ্রেপ্তার

Sadek Ali
জাহাঙ্গীর আলম প্রধান, আশুলিয়া
প্রকাশিত: ১:১৮ অপরাহ্ন, ০৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ১২:০০ পূর্বাহ্ন, ০৮ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ৩৭ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মুহিত সোবহান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর)। 

শনিবার (৭নভেম্বর) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।

আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন

পুলিশের দাবি, ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় একটি পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের হেফাজতে রেখেছিলেন তিনি।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে সাভার মডেল থানাধীন কাউন্দিয়া ইউনিয়নের সিংগাসার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মুহিত সোবহান ওই এলাকার মো. মর্তুজা আলী ও মুক্তা বেগমের ছেলে।

আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’

ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই রাশেদ মিয়াসহ ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুহিত সোবহান পুলিশি স্থাপনা থেকে গুলিগুলো লুট করে নিজের কাছে রাখার কথা জানিয়েছেন। তবে কোন থানা পুলিশের কোন প্রতিষ্ঠান থেকে নিয়েছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিছেন ডিবি উত্তর-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনের ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে। পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ তাঁকে আদালতে পাঠানো হয়েছে।