মুন্সীগঞ্জে মেয়াদহীন আইসক্রিম বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

Sadek Ali
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২২ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) উল্লেখ ছাড়া আইসক্রিম সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে যোগিনীঘাটের কামাল স্টোরে তদারকির সময় এসব অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ কামালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে তেলের গুদামে আগুন

অভিযান সূত্রে জানা যায়, দোকানটিতে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা মূল্যবিহীন আইসক্রিম সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছিল। এ সময় ব্যবসায়ীকে ভবিষ্যতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন কোনো খাদ্যপণ্য সংরক্ষণ কিংবা বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ বলেন, ভোক্তাদের স্বার্থ ও খাদ্যপণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ এবং মূল্য উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রি ভোক্তাদের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: সিলেটের রাতারগুল সীমান্তে সভা করেছিলেন রনজিত সরকার

অভিযানে তাঁকে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সীগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি টিম।