বিএনপির শোভাযাত্রা শুরু, নেতৃত্বে তারেক রহমান
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এ শোভাযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
কর্মসূচিতে অংশ নিতে বিকেল পৌনে ৩টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হন তারেক রহমান। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার পর তাঁর নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়।
আরও পড়ুন: ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়: ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন
শোভাযাত্রাটি প্রধান বিচারপতির বাসভবনের সামনে দিয়ে কাকরাইল মোড়, হেয়ার রোড, মিন্টো রোড, ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দেন।
আরও পড়ুন: স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসার অভিযোগ, মিজান বললেন ‘অভাবের তাড়নায় করেছি’
শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কারও হাতে ছিল দলীয় পতাকা, কারও হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও ছিল চোখে পড়ার মতো। পাঁচটি ঘোড়ার গাড়ি ও একটি হাতি নিয়ে বিশাল মিছিলসহ কর্মসূচিতে যোগ দেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ভিড়ের মধ্যে এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।





