শান্তিতে আছেন, শান্তিতে থাকেন; নাড়াচাড়া করলে শান্তিতে থাকতে পারবেন না: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

Sanchoy Biswas
অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৭:৩০ অপরাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর। শুক্রবার বিকেলে দশমিনায় উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন।

শুক্রবার বিকেল ৪টায় দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর বলেন, গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

বক্তব্যে নুরুল হক নূর দাবি করেন, জনগণের গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী শক্তি ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। আইনগতভাবে নিষিদ্ধ ওই শক্তির কার্যক্রম পরিচালনা করা আইনের চোখে অপরাধ। যারা রাতের আঁধারে সড়কের পাশে ককটেল নিক্ষেপ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের নিচে ‘জয় বাংলা’ লিখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে শক্ত হাতে ব্যবস্থা নিতে হবে।

এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘গলাচিপা-দশমিনা তথা পটুয়াখালীতে শান্তিতে আছেন, শান্তিতে থাকেন। লাড়াচাড়া দিলে কিন্তু শান্তিতে থাকতে পারবেন না।’

আরও পড়ুন: চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল ঘিরে পুলিশের অভিযান, আটক ২০

অনুষ্ঠানে দশমিনা উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা, সংস্থার সদস্যসচিব ইমরান শাহিনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দশমিনা উপজেলার সাতটি ইউনিয়নকে সম্পৃক্ত করে উপজেলা কাপ ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে উপজেলা ক্রীড়া সংস্থা।