বিজিবিতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের শুদ্ধ উচ্চারণে ক্বেরাত চর্চা এবং সুললিত কণ্ঠে আযান দেওয়ার প্রতি উৎসাহিত করতে আযান ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার ও ট্রফি বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর পিলখানায় অবস্থিত বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিজিবির মহাপরিচালক মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
আরও পড়ুন: ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর: আইজিপি
এ সময় বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সৈনিক এবং অসামরিক কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১১ মার্চ থেকে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: হবিগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন পুলিশ সুপার নিয়োগ
আযান প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রামু সেক্টরের অধীনস্থ টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর ল্যান্স নায়েক মোহাম্মদ জাকারিয়া প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন ঢাকা সেক্টরের অধীনস্থ ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)-এর সিপাহী মো. সাইফুল ইসলাম।
অন্যদিকে ক্বেরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর নায়েক মো. বিলাল আহমদ প্রথম স্থান লাভ করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন কুষ্টিয়া সেক্টর সদর দপ্তরের সিপাহী মো. রাকিবুল ইসলাম।
এছাড়া আযান ও ক্বেরাত উভয় প্রতিযোগিতায় দলগতভাবে রামু সেক্টর চ্যাম্পিয়ন এবং কুষ্টিয়া সেক্টর রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।





