শিয়া মসজিদ ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনার অভিযোগে সন্দেহভাজন এক শিশু হেফাজতে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ১১:৪৩ অপরাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবি-এর সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশুকে হেফাজতে নিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

সিটিটিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে হবিগঞ্জ সদর থানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়।

আরও পড়ুন: দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ: আইজিপি

প্রাথমিক তথ্য অনুযায়ী, হেফাজতে নেওয়া ওই শিশুর সঙ্গে শেরে বাংলা নগর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী মামলার এজাহারভুক্ত আসামি আহসান জহির খান, দানিয়েল ইসলাম হাসান এবং রাসেল ওরফে পলাশ ওরফে আবু বাছের আল ফারুকীর যোগাযোগ ছিল বলে ধারণা করা হচ্ছে।

সিটিটিসি সূত্র আরও জানায়, সংশ্লিষ্ট শিশুটি অনলাইনে সক্রিয় ছিল এবং উগ্রবাদী সংগঠন আইএস-এর পক্ষে বিভিন্ন প্রচারণামূলক কনটেন্ট শেয়ার করত। পাশাপাশি সদস্য সংগ্রহের চেষ্টা, বোমা তৈরির নির্দেশনাসংবলিত পিডিএফ ফাইল আদান-প্রদান এবং সহযোগীদের মাধ্যমে শিয়া মসজিদ, পুলিশ চেকপোস্ট ও ইসকন মন্দিরে হামলার পরিকল্পনা ও উসকানির অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন: বিভ্রান্তিকর অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান সেনাবাহিনীর

আইন অনুযায়ী হেফাজতে নেওয়া শিশুটিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।