কহিনুর মিয়াকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি
দীর্ঘ ১১ বছর পর চাকরিতে পুনর্বহালের মাত্র এক মাসের মাথায় পদোন্নতি পেলেন আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনুর মিয়া। তাকে বিসিএস (পুলিশ) ক্যাডারের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) পদে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়েছে সরকার।
আজ রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিফ আহমেদ।
আরও পড়ুন: মেধা-মননশীলতায় দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান আইজিপির, ৪০০ শিক্ষার্থী পেল বৃত্তি
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনাব মো. কোহিনুর মিয়াকে (বিপি-৬৭১১০২০৯২১) ৪র্থ গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে। এই পদোন্নতি ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে (পেছনের তারিখ থেকে) কার্যকর হবে। পদোন্নতির ফলে বিধি অনুযায়ী ওই সময় থেকে বর্তমান পর্যন্ত পাওনা বকেয়া বেতন ও যাবতীয় ভাতাদিও তিনি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, ২০০৯ সালের ৪ অক্টোবর আওয়ামী লীগ সরকারের আমলে কোহিনুর মিয়াকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। দীর্ঘ সময় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বর্তমান সরকার গত ৯ মার্চ তার বরখাস্তের আদেশটি প্রত্যাহার করে নেয়। এর মাধ্যমে তিনি সব ধরণের সুযোগ-সুবিধাসহ পুনরায় চাকরিতে ফেরার অধিকার লাভ করেন।
আরও পড়ুন: বিতর্কিতদের আবারো ওসি নিয়োগে তোলপাড়, ঢাকা রেঞ্জ ডিআইজির সর্তকবার্তা
কোহিনুর মিয়া তার পেশাজীবনের বিভিন্ন সময়ে রাজধানী ঢাকা ও ময়মনসিংহে পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় ছিলেন। সর্বশেষ তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পশ্চিম বিভাগের উপ-কমিশনার (ডিসি) হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ময়মনসিংহের এসপি থাকাকালীন একটি মামলায় তাকে অভিযুক্ত করা হলেও পরবর্তীতে তিনি আদালত থেকে সসম্মানে খালাস পান।
জনস্বার্থে জারি করা এই পদোন্নতির আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।





