কলাবাগান থানার এসআই নিখোঁজ, সন্ধানে পুলিশের তৎপরতা

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৩৪ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তাকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে জোরালো তৎপরতা চালানো হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হয়ে যান রাকিবুল হাসান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।

আরও পড়ুন: আইফোন ছিনিয়ে নিতে নির্জন জঙ্গলে অপ্রতিম, পুলিশের দাবি

নিখোঁজ এসআই রাকিবুল হাসানের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বাপতা গ্রামে। তার বাবার নাম মাইজ উদ্দিন সরকার। ব্যক্তিগত বর্ণনায় জানা গেছে, তার গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি এবং চুল ছোট ও কালো।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম রহমান জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং তাকে খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ঢাকা রেঞ্জের নতুন ডিআইজি পাবনার কৃতিসন্তান মোস্তাফিজুর রহমান

তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে জানা গেছে—এর আগেও রাকিবুল কয়েকবার নিখোঁজ হয়েছিলেন। তবে তার স্ত্রী জানিয়েছেন, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক স্বাভাবিক ছিল।

পুলিশ জানিয়েছে, নিখোঁজের ঘটনায় দেশের সব থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। কারও কাছে তার সন্ধান থাকলে নিকটস্থ থানায় জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।