সোলারে কারাগারগুলো নিজস্ব বিদ্যুৎ ব্যবহার করবে
দেশের কারাগারগুলোতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। কারাগারের বিদ্যমান ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে ১৫ থেকে ১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কারা অধিদপ্তরের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
গত ৫ মে ২০২৬ তারিখে এ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটি সরকারের নেট মিটারিং নীতিমালার আওতায় ওপেক্স (OPEX) পদ্ধতিতে বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল
চুক্তি অনুযায়ী, সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় সঞ্চালন লাইনের সঙ্গে সংযুক্ত করা হবে। এর মাধ্যমে দেশের বিভিন্ন কারাগারের বিদ্যুৎ চাহিদা পূরণ করা হবে এবং অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারের বিদ্যুৎ খাতে ব্যয় কমবে এবং কারাগার ব্যবস্থাপনাও আরও উৎপাদনমুখী ও আধুনিক হবে।
আরও পড়ুন: ডিএমপির প্রশাসন বিভাগে নতুন দায়িত্ব পেলেন রুহুল কবীর খান
এ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ দিক হলো—এতে সরকার বা কারা অধিদপ্তরের কোনো প্রত্যক্ষ বিনিয়োগ থাকছে না। পুরো প্রকল্পটি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়িত হবে।
সরকারের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়ানোর সাম্প্রতিক নীতিগত উদ্যোগের অংশ হিসেবেই এ ধরনের প্রকল্পকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
কারা অধিদপ্তর জানিয়েছে, ভবিষ্যতেও কারাগারগুলোকে আরও উৎপাদনমুখী ও টেকসই ব্যবস্থাপনায় রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম অব্যাহত থাকবে।





