ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৬ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম শুনানি শেষে এ আদেশ দেন।

আরও পড়ুন: রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল গ্রেপ্তার

এদিন রাত ৯টার দিকে রাকিবুল হাসানকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় রাকিবুল হাসানকে গ্রেপ্তার দেখায় পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: উত্তরার ডিসিসহ ডিএমপির তিন ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিওকে কেন্দ্র করে রাকিবুল হাসানকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। অডিওটিতে সরকার, প্রশাসন, পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্য শোনা যায়। অডিওটি নিয়ে তদন্তও শুরু করেছিল ঢাকা মহানগর পুলিশ।

তবে রাকিবুল হাসান দাবি করেছেন, ছড়িয়ে পড়া অডিওটি তার নয়। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে বলেও তিনি দাবি করেন। অডিওটির সত্যতা নিয়ে সে সময় নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে অডিও ছড়িয়ে পড়ার পর রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছিল। পরে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটিও গঠন করা হয়।