নতুন ইতিহাসের হাতছানি টেলর সুইফটের
সংগীতজগতের অন্যতম আলোচিত পুরস্কার এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসের (ভিএমএ) ২০২৬ আসরে একাধিক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। এবারের আয়োজনে তাকে সম্মানসূচক ‘আর্টিস্ট ডিরেক্টর’ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতামূলক বিভাগে আরও ১১টি মনোনয়ন পেয়েছেন এই গায়িকা।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট অ্যাকশন-নেটওয়ার্ক ডটকমের তথ্য অনুযায়ী, ‘আর্টিস্ট ডিরেক্টর’ সম্মাননা যোগ হলে ভিএমএ ইতিহাসে এককভাবে সর্বাধিক পুরস্কারজয়ী শিল্পী হয়ে উঠবেন সুইফট। বর্তমানে তার ব্যক্তিগত সংগ্রহে রয়েছে ৩০টি ভিএমএ ট্রফি। নতুন এই সম্মাননা যোগ হলে সংখ্যাটি দাঁড়াবে ৩১-এ।
আরও পড়ুন: ‘স্টার নাইট’-এ মামুনুর রশীদ জানাবেন জীবনের অজানা গল্প
এর ফলে তিনি পেছনে ফেলবেন পপ তারকা বিয়ন্সেকে। ব্যক্তিগতভাবে পাওয়া পুরস্কারের পাশাপাশি ‘ডেস্টিনিজ চাইল্ড’ ও ‘দ্য কার্টার্স’-এর সঙ্গে অর্জিত সম্মাননা মিলিয়ে বিয়ন্সের ভিএমএ ট্রফির সংখ্যা ৩০টি। এবারের প্রতিযোগিতামূলক বিভাগগুলোতেও জয় পেলে সুইফটের সঙ্গে ব্যবধান আরও বাড়তে পারে।
এবারের আসরে ‘ভিডিও অব দ্য ইয়ার’ বিভাগেও মনোনয়ন পেয়েছেন সুইফট। ‘দ্য ফেট অব ওফেলিয়া’ গানের জন্য এই মনোনয়ন পেয়েছেন তিনি। এই পুরস্কার জিতলে ভিএমএর ইতিহাসে নিজেরই গড়া রেকর্ড আরও শক্ত করবেন এই গায়িকা।
আরও পড়ুন: নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ থাকছেন যারা
এর আগে ‘ব্যাড ব্লাড’, ‘ইউ নিড টু কাম ডাউন’, ‘অল টু ওয়েল: দ্য শর্ট ফিল্ম’, ‘অ্যান্টি-হিরো’ এবং ‘ফোর্টনাইট’-এর জন্য পাঁচবার ‘ভিডিও অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন সুইফট। এবার জয় পেলে এই বিভাগে তার ট্রফির সংখ্যা দাঁড়াবে ছয়টিতে।
এক রাতেই সর্বোচ্চসংখ্যক ভিএমএ পুরস্কার জয়ের রেকর্ডেও ভাগ বসানোর সুযোগ রয়েছে সুইফটের সামনে। ১৯৮৭ সালে সংগীতশিল্পী পিটার গ্যাব্রিয়েল সম্মানসূচক ‘ভ্যানগার্ড’ পুরস্কারসহ এক রাতে মোট ১০টি ট্রফি জিতেছিলেন। সুইফট তার ১১টি প্রতিযোগিতামূলক মনোনয়নের সবকটিতে জয় পেলে এক আসরে সর্বোচ্চ ১২টি পুরস্কার জয়ের নতুন রেকর্ড গড়তে পারেন।
এদিকে ‘বেস্ট পপ’ বিভাগেও নজর থাকবে সুইফটের দিকে। বর্তমানে এই বিভাগে অ্যারিয়ানা গ্রান্ডের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ তিনটি করে ট্রফি রয়েছে তার। এবার ‘দ্য ফেট অব ওফেলিয়া’র জন্য জয় পেলে অ্যারিয়ানাকে ছাড়িয়ে এই বিভাগে এককভাবে সর্বোচ্চ পুরস্কারজয়ী শিল্পী হওয়ার সুযোগ রয়েছে সুইফটের।
তবে একই বিভাগে অ্যারিয়ানা গ্রান্ডও মনোনয়ন পেয়েছেন। ফলে পুরস্কার বিতরণীর রাতে এই দুই পপ তারকার লড়াইও ভক্তদের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।





