দর্শকের আবেগ ছুঁয়েছে ‘আপন পর’

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৪৩ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়ে বেড়ে ওঠা এক সন্তানের জীবনের গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘আপন পর’। ছোটবেলায় মাকে হারানোর পর সৎমায়ের কাছে মাতৃস্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই বড় হতে থাকে রিফাত। ভালোবাসা ও আপন করে নেওয়ার সেই আকাঙ্ক্ষা একসময় তাকে এমন এক ত্যাগের পথে নিয়ে যায়, যা আবেগাপ্লুত করেছে দর্শকদের।

রুবেল হাসানের নির্মাণে নাটকটির চিত্রনাট্য লিখেছেন মেসবাহ উদ্দিন সুমন। ১৫ সেপ্টেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। এরই মধ্যে নাটকটির ভিউ ৮৬ লাখ ছাড়িয়েছে। পাশাপাশি ৮০ হাজারের বেশি দর্শক এতে লাইক দিয়েছেন এবং মন্তব্যের সংখ্যাও প্রায় সাড়ে তিন হাজার। মন্তব্যে অনেক দর্শক নাটকটি দেখে আবেগপ্রবণ হয়ে পড়ার কথা জানিয়েছেন; কেউ কেউ কেঁদে ফেলার কথাও লিখেছেন।

আরও পড়ুন: মেকানিক্স এর সাবেক গিটারিস্ট ইমরান আর নেই

নাটকের গল্পে দেখা যায়, ছোটবেলা থেকেই মায়ের ভালোবাসার অভাব তীব্রভাবে অনুভব করে রিফাত। মায়ের স্নেহ পাওয়ার আশায় সৎমায়ের কাছ থেকেও আপন সন্তানের মতো ভালোবাসা পাওয়ার অপেক্ষায় থাকে সে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে রিফাত। একপর্যায়ে মায়ের একটি ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের জীবনে বড় ধরনের ত্যাগ স্বীকার করে সে। গল্পের এই আবেগঘন অংশই দর্শকদের বিশেষভাবে নাড়া দিয়েছে।

রিফাত চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার অভিনয় প্রশংসা কুড়াচ্ছে দর্শক-সমালোচকদের। অন্যদিকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন বিজরী বরকতউল্লাহ। দীর্ঘ বিরতির পর তাকে পর্দায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তার ভক্তরা। তৌসিফ মাহবুবের বিপরীতে এই নাটকের মাধ্যমে প্রথমবার অভিনয় করেছেন সাদনিমা বিনতে নোমান।

আরও পড়ুন: নগ্নতা ও আপত্তিকর প্রস্তাবে চটলেন রাধিকা আপ্তে

নাটকটির আবহে যুক্ত হয়েছে ‘আদরে আস্তিন’ শিরোনামের একটি গান। গানটির কথা লিখেছেন মাহবুব রহমান এবং সুর ও সংগীতায়োজন করেছেন মার্সেল। এতে কণ্ঠ দিয়েছেন কণা ও রিয়াদ।