ফুটপাতের সেই গোলাপী পেলেন প্রধানমন্ত্রীর উপহারের ঘর

Shahrier Islam Pallab
ফরিদ আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৩৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন মানবেতর জীবনযাপন করা গোলাপী বেগম অবশেষে পেলেন স্থায়ী ঠিকানা। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে তাঁর জন্য নির্মিত নতুন ঘরের চাবি ও প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গোলাপী বেগমের হাতে ঘরের চাবি তুলে দেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা এম. রশিদুজ্জামান মিল্লাত।

আরও পড়ুন: নবীগঞ্জে মশাল মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার ৫

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এম. রশিদুজ্জামান মিল্লাত বিগত আওয়ামী লীগ সরকার ও অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, ‘আমরা একটি ভঙ্গুর দেশ পেয়েছি। লুটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি খাতের নামে বিপুল পরিমাণ বিদেশি ঋণ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন: কুবিতে কিশোরগঞ্জ জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা

তিনি আরও বলেন, ‘লুটপাটের টাকা খাওয়ার দিন শেষ। এখন বাংলাদেশে এলে শেখ হাসিনার বিচার হবে।’ তাঁর বক্তব্যের বিভিন্ন অংশ স্থানীয় ও জাতীয় সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে।

মিল্লাত বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে পারেনি। বর্তমান সরকার কাজ শুরু করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নেতা-কর্মীদের নিজ নিজ এলাকায় মানুষের সমস্যা সমাধান ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।

জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের একটি সমাবেশের সময় শাহবাগের ফুটপাতে গোলাপী বেগমের অসহায় জীবনযাপনের বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসে। পরে তাঁর চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। দীর্ঘদিন চিকিৎসার পাশাপাশি ঢাকায় থাকার ব্যবস্থাও করা হয়েছিল। স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে নবীনগরের রতনপুর গ্রামে তাঁর জন্য নতুন ঘর নির্মাণ করা হয়।

‘আমরা বিএনপি পরিবার’-এর নেতারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত গোলাপী বেগম সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্টের জীবনের অবসান ঘটেছে। এ জন্য তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করেন।