প্যারিসে হেমন্ত মুখোপাধ্যায়ের গানে মাতবেন প্রবাসীরা

Sanchoy Biswas
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৩৩ অপরাহ্ন, ১৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলা গানের আয়োজন ‘বাংলা ভিনটেজ মিউজিক্যাল ইভেনিং’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় স্থানীয় লা ক্যামেলিয়ানে বসবে এ সংগীতসন্ধ্যা।

আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানটি সাজানো হয়েছে দুটি পর্বে। প্রথম পর্বে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম অবলম্বনে একটি ধ্রুপদি নৃত্য পরিবেশন করবে প্যারিসের পরিচিত নৃত্যদল ‘নৃত্যজ্ঞান’।

আরও পড়ুন: কেন এতটা আপন হয়ে উঠেছিল ‘মনপুরা’?

দ্বিতীয় পর্বে থাকছে বাংলা সংগীতের কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের কালজয়ী গান নিয়ে বিশেষ আয়োজন। পাশাপাশি বাংলা গানের স্বর্ণালি যুগের বিভিন্ন গান নিয়েও থাকবে বিশেষ পরিবেশনা।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন কলকাতার সংগীতশিল্পী সৌমেন অধিকারী। তাঁর সঙ্গে থাকবেন সহশিল্পী অনুভব চ্যাটার্জি ও সাগর বড়ুয়া।

আরও পড়ুন: নতুন গান নিয়ে আশাবাদী ডলি সায়ন্তনী

প্রযোজনা সংস্থা তৌরযাত্রিক জানিয়েছে, প্যারিসে বসবাসরত বাংলাভাষী মানুষের কাছে পুরোনো দিনের গানের সুর ও আবহ পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতিপ্রেমী ফরাসি দর্শকদের বাংলা গানের স্বর্ণালি সময়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে এবারের সংগীতসন্ধ্যা।

আয়োজকদের প্রত্যাশা, এ সংগীত আয়োজন প্রবাসে বাংলার সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মের সংযোগ আরও দৃঢ় করবে। পাশাপাশি পুরোনো ও নতুনের মধ্যে তৈরি করবে সাংস্কৃতিক সেতুবন্ধন। এর মধ্য দিয়ে ফরাসি দর্শকদের কাছেও পৌঁছে যাবে বাংলা গানের সুর ও ঐতিহ্য।