মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নাসিরনগরে যুবক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রফিক মিয়া (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রফিক মিয়া ওই গ্রামের মৃত লোকমান মিয়ার ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে কয়েকজন যুবক মোবাইলে লুডু খেলছিলেন। এ সময় রফিক, সালমানসহ কয়েকজন পাশে বসে খেলা দেখছিলেন। একপর্যায়ে লুডু খেলার একটি ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে রফিক ও সালমানের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি হাতাহাতি ও মারামারিতে গড়ায়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-চাঁদপুর হয়ে বরিশাল রুটে সরাসরি লঞ্চ চালুর দাবি যাত্রীদের
এ সময় মারামারিতে রফিক মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তামিমা রহমান তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লুডু খেলা নিয়ে বিরোধের জেরে মারামারিতে রফিক মিয়া নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





