নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ-চাঁদপুর হয়ে বরিশাল রুটে সরাসরি লঞ্চ চালুর দাবি যাত্রীদের
দেশের অন্যতম প্রধান শিল্পনগরী নারায়ণগঞ্জ কর্মসংস্থানের সুবাদে দেশের বিভিন্ন প্রান্তের লাখ লাখ মানুষ এই শহরে বসবাস করেন। এর মধ্যে একটি বিশাল অংশের মানুষ দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরিশালের অধিবাসী। যাতায়াতের ক্ষেত্রে তাদের প্রধান ভরসা জলপথ বা লঞ্চ যাত্রা। তবে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ থেকে সরাসরি বরিশালগামী কোনো নৌযান না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই অঞ্চলের যাত্রীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে বরিশালের যাত্রীদের যাতায়াতের একমাত্র উপায় হলো ঢাকা সদরঘাট বা মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত যাওয়া। কিন্তু নারায়ণগঞ্জ থেকে সদরঘাটে পৌঁছাতে যাত্রীদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়। বিশেষ করে কর্মদিবসে অতিরিক্ত যানজটের কারণে অতিরিক্ত সময় ও অর্থ অপচয়ের পাশাপাশি চরম শারীরিক ক্লান্তি নেমে আসে শিশু, নারী ও বয়স্ক যাত্রীদের ওপর।
আরও পড়ুন: মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নাসিরনগরে যুবক নিহত
যাত্রীদের এই দুর্ভোগ লাঘবে নারায়ণগঞ্জ টার্মিনাল ঘাট থেকে মুন্সিগঞ্জ ও চাঁদপুর হয়ে সরাসরি বরিশালের উদ্দেশ্যে একটি লঞ্চ চালুর দাবি উঠেছে। প্রস্তাবিত এই রুটে প্রতিদিন নিয়ম মাফিক একটি লঞ্চ নারায়ণগঞ্জ থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আরেকটি লঞ্চ বরিশাল থেকে এসে নারায়ণগঞ্জ টার্মিনালে পৌঁছাবে। এমন একটি অলটারনেটিভ বা বিকল্প রুট চালু হলে নারায়ণগঞ্জবাসীর দীর্ঘদিনের যাতায়াত সংকট অনেকটাই নিরসন হবে।
নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকার নিয়মিত যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, "সদরঘাটে যাওয়ার ঝক্কি এবং যানজটের কথা চিন্তা করলেই ভ্রমণের আগ্রহ হারিয়ে যায়। যদি আমাদের এই নারায়ণগঞ্জ টার্মিনাল থেকেই সরাসরি বরিশালের লঞ্চ পাওয়া যেত, তবে শিল্পাঞ্চলের শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ খুব স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে বাড়ি যাতায়াত করতে পারতেন।" শিল্পনগরী নারায়ণগঞ্জের লাখো দক্ষিণাঞ্চলবাসীর এই যৌক্তিক ও সময়োপযোগী দাবি বাস্তবায়নের জন্য নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ (BIWTA)-এর দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী। তাদের মতে, এই রুটে লঞ্চ চলাচল শুরু হলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর হবে।





