অপ্রীতমের মর্মান্তিক মৃত্যুতে তারকাদের শোক প্রকাশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে অপ্রীতমের নির্মম মৃত্যুতে শোক নেমে এসেছে তারকাদের মধ্যেও। স্তব্ধ তারা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তাদের শোক ও ক্ষোভ। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি জানিয়েছেন তারা।
অভিনেতা সিয়াম আহমেদ নিজের ফেসবুক পোস্টে অপ্রীতমের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি লেখেন, ‘অপ্রীতমের ছবিটার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছি না। বাবা হওয়ার পর থেকে কোনো শিশুর এমন খবর দেখলে নিজের সন্তানের মুখটাই বারবার চোখের সামনে আসে।’
আরও পড়ুন: মেকানিক্স এর সাবেক গিটারিস্ট ইমরান আর নেই
সিয়াম আরও লেখেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু আর ফিরে আসেনি একজন বাবা-মায়ের জন্য এর চেয়ে ভয়ংকর অপেক্ষা বা সংবাদ আর কী হতে পারে, তা তিনি জানেন না। অপ্রীতমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আনার আহ্বান জানান। অভিনেত্রী পূজা চেরীও অপ্রীতমের মৃত্যুতে মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি লেখেন, ‘একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়।’
পূজা আরও বলেন, অপ্রীতমের পরিবারের প্রতি তার গভীর সমবেদনা ও প্রার্থনা রয়েছে। একই সঙ্গে ঘটনার সঠিক তদন্ত করে যারা দায়ী, তাদের আইনের আওতায় আনার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন: নগ্নতা ও আপত্তিকর প্রস্তাবে চটলেন রাধিকা আপ্তে
অন্যদিকে অপ্রীতমের মৃত্যুতে শোকের পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। ফেসবুক পোস্টে তিনি দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন এবং সন্তানদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বলেন।
ইরফান লেখেন, ‘যে দেশে প্রত্যক্ষ প্রমাণ থাকার পরও বিচার হয় না, সে দেশ জীবনেও নিরাপদ হবে না।’ অপ্রীতমের মতো আর কোনো শিশুকে যেন বাসা থেকে বের হয়ে প্রাণহীন অবস্থায় ফিরতে না হয় এমন একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যাশাও জানান তিনি।
অপ্রীতমের মৃত্যু ঘিরে এখন পরিবার ও স্বজনদের পাশাপাশি বিভিন্ন মহল থেকেও ঘটনার সঠিক তদন্ত এবং দায়ীদের বিচারের দাবি উঠছে।
উল্লেখ্য যে, মুঠোফোনটা হাতে নিয়ে শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয়েছিল ১৩ বছরের অপ্রীতম। উদ্দেশ্য ছিল প্রিয় কাজ, ছবি তোলা। সপ্তম শ্রেণির এই কিশোরের হয়ত পরিকল্পনা ছিল বিকেল শেষে প্রিয় ছবিগুলো নিয়েই ঘরে ফেরার। কিন্তু সেই ফেরা আর হয়নি। একদিন পর শনিবার দুপুরে মিলল তার মরদেহ।





