২৬ সেপ্টেম্বর ঢাকায় আসছে কাভিশ

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া বহুল প্রতীক্ষিত পাকিস্তানি ব্যান্ড কাভিশের কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকায়। প্রায় ১০ মাসের অপেক্ষার পর অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে কাভিশের সংগীতের আসর। কনসার্টে তাদের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইমওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। গত বছরের আয়োজনটির নাম ছিল ‘ওয়েভ ফেস্ট : ফিল দিজ উইন্টার’। এবার নতুন নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট : এনজয় দ্য ফুল মুন’। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা।

আরও পড়ুন: দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা কনসার্টটির অগ্রিম টিকিট কিনেছিলেন, তারা সেই টিকিট দিয়েই এবারের আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে।

সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।

আরও পড়ুন: কিংবদন্তি লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে হারানোর এক বছর

কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি হওয়ার কথা ছিল। তবে দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।

এরপর থেকেই কাভিশের ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে অপেক্ষা ছিল। নতুন তারিখ ঘোষণার মধ্য দিয়ে এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশে কাভিশের প্রথম কনসার্টের পর থেকেই ব্যান্ডটির প্রতি স্থানীয় শ্রোতাদের আগ্রহ আরও বেড়েছে।

বলা দরকার, জাফর জাইদি ও মাজ মাওদুদ ১৯৯৮ সালে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। অল্প সময়ের মধ্যেই দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায় তাদের গান।

কাভিশের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।