ভৈরবে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেল কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়

Sanchoy Biswas
গোলাম মোস্তফা মন্টি
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৮ অপরাহ্ন, ১৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে সেরা বিদ্যালয়ের সম্মাননা পেয়েছে কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। একই সঙ্গে বিদ্যালয়টি উপজেলায় সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রকাশিত তথ্য অনুযায়ী, বিদ্যালয়টির শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে মোট ২১টি বৃত্তি অর্জন করেছে।

সম্প্রতি ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিদ্যালয়টিকে এ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি।

আরও পড়ুন: লংলা কলেজে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন

অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কে. এম. মামুনুর রশীদের সভাপতিত্বে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি সাফল্য অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকেও সম্মাননা প্রদান করা হয়।

কমলপুর মোজাফফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সাফল্যে বিদ্যালয়ের সভাপতি এস এম মাঝহারুল ইসলাম সবুজ এবং প্রধানশিক্ষক ফাতেমা যেবুনাহারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের ধারাবাহিক ভালো ফলাফল ও শিক্ষার্থীদের বৃত্তি অর্জনের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: চাচিকে গলা কেটে হত্যা, ভাতিজা আটক

বিদ্যালয়টির এমন অর্জন শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনায় আরও আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী তৈরিতে বিদ্যালয়টির এই সাফল্য অন্য প্রতিষ্ঠানগুলোর জন্যও অনুপ্রেরণা হয়ে উঠবে।

উল্লেখ্য, ভৈরব উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের কৃতী শিক্ষার্থীদেরও সম্মাননা দেওয়া হয়।