ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর ‘দ্য আলকেমিস্ট’
ঢাকার মঞ্চে আসছে পাওলো কোয়েলহোর সাড়া জাগানো উপন্যাস ‘দ্য আলকেমিস্ট’। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী গল্পটি এবার জীবন্ত হয়ে উঠবে ঢাকার মঞ্চে। ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’ নামে নাটকটি মঞ্চে নিয়ে আসছে নাট্যদল এক্টোম্যানিয়া। নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ। নির্দেশনা দিচ্ছেন তালহা জোবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা।
দ্য আলকেমিস্ট উপন্যাসের মূল বার্তা হলো—‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে।’ এই সর্বজনীন দর্শন এবং জীবনের পরম সত্যকে নাট্যমঞ্চের রূপ দেওয়া হয়েছে নিপুণভাবে।
আরও পড়ুন: কুড়িগ্রামের গৌরব ও লাল-সবুজের বার্তা
এক্টোম্যানিয়া র দল প্রধান ও নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড় খেলায় এমনভাবে ব্যস্ত হয়ে আছি, প্রায়ই ভুলে যাই জীবনে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে, যা অর্জন করার জন্য আমরা জন্ম নিয়েছি। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য এই প্রযোজনা, যা আমাদের ভেতরে স্বপ্ন দেখার তাগিদ এবং আত্মিক যাত্রাকে নতুনভাবে উসকে দেবে।’
নির্দেশক জানান, শিগগির রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা নাটকের উদ্বোধনী প্রদর্শনী। এখন নাটকটির নিয়মিত মহড়া করছেন কলাকুশলীরা।
আরও পড়ুন: শিল্পকলা একাডেমির মঞ্চে বাগেরহাট থিয়েটার ও শব্দকল্পদ্রুমের ‘ডাকঘর’
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান,ফকির বিপ্লব, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘ, মইনুল বাপ্পী,বরিষ-ধরা, সাকিব শুভ, ঐশি রায়,দিবাকর জিতু, সাদ, রিহাদ ইসলাম , রাতুল আরিয়ান, সুলাইহা তারজিয়া, রুদ্র ও জনি।





