এনইআইআর চালুর প্রতিবাদে বিটিআরসিতে মোবাইল ফোন ব্যবসায়ীদের হামলা
শুল্ক না কমিয়ে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে হামলা ও ভাঙচুর চালিয়েছে মোবাইল ফোন ব্যবসায়ীরা। আকস্মিক এই হামলায় আতঙ্কিত হয়ে পড়েন বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীরা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিটিআরসি ভবনের সামনে অবস্থান নিয়ে মোবাইল ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বিকেল আনুমানিক ৪টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন: রমনায় আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ-বর্ষবরণ
পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “তারা আকস্মিকভাবে হামলা চালিয়েছে। ইটপাটকেল ছুড়ে মারছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।”
হামলার সময় বিটিআরসি ভবনসংলগ্ন মসজিদের কাঁচ ভেঙে যায়। ওই সময় মসজিদে বিটিআরসির কর্মকর্তা ও কর্মচারীরা নামাজ আদায় করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উৎসবমুখর আয়োজনে ঢাবিতে ‘বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩’ সম্পন্ন
বিটিআরসির এক কর্মকর্তা সাংবাদিকদের জানান, “হঠাৎ করেই ভাঙচুর শুরু হয়। রাস্তা থেকে কয়েকশ বিক্ষোভকারী ভবনের দিকে ইটপাটকেল ছুড়তে থাকে। এতে ভবনের বিভিন্ন কাঁচ ভেঙে গেছে। ছুটি হয়ে গেলেও আমরা কেউ বের হতে পারছি না।”
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।





