ডিএমপির ট্রাফিক বিভাগের উচ্ছেদ অভিযান: ২.৬১ লাখ টাকা জরিমানা, ৫১ জনের কারাদণ্ড

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ন, ০২ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ০৩ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় সমন্বিত উচ্ছেদ অভিযান চালিয়ে ২ লাখ ৬১ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে ফুটপাত ও সড়কের অবৈধ দখল উচ্ছেদ, জরিমানা আদায়, মালামাল জব্দ এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন: রিয়াদ বিমানবন্দর বন্ধ, বিপাকে ৪ হাজার ৮৫১ যাত্রী

ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া ট্রাফিক জোনে অভিযান চালিয়ে আইন অমান্য করায় ১৩ জন ব্যবসায়ীকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। গ্রেফতারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্রাফিক ওয়ারী বিভাগ জানায়, যাত্রাবাড়ী জোনের যাত্রাবাড়ী মোড় থেকে সাইনবোর্ড এলাকা পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়। এ সময় সড়কের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। ১৩ জন ব্যবসায়ীকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং অন্যদের সতর্ক করা হয়।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধব করতে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি

ট্রাফিক রমনা বিভাগ সূত্রে জানা গেছে, শাহবাগ জোনে ঢাকা মেডিকেল কলেজ এলাকা, নিমতলী, বঙ্গবাজার হয়ে গোলাপশাহ মাজার ক্রসিং পর্যন্ত ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ পার্কিংয়ের দায়ে ৫৬টি ভিডিও মামলা ও ১২টি তাৎক্ষণিক মামলা দেওয়া হয়। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা এবং প্রায় চার পিকআপ সমপরিমাণ মালামাল জব্দ করা হয়।

ট্রাফিক মিরপুর বিভাগ জানায়, পল্লবী জোনে মিরপুর-১০ থেকে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে ১৬টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং সড়ক দখলমুক্ত করা হয়।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর যানজট নিরসন ও পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।